নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার চা বাগান এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং বিদ্যালয়মুখী করতে শিক্ষা উপকরণ, আসবাবপত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৩ জুন) ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাকিল আহমদসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও চা বাগান এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় বাওয়ানী চা বাগান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০ জোড়া বেঞ্চ, একটি শিক্ষক টেবিল ও একটি চেয়ার প্রদান করা হয়। এছাড়া বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ, খাতা ও কলম বিতরণ করা হয়।
একইসঙ্গে ইমাম চা বাগান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৮ জন শিক্ষার্থীর মধ্যে খাতা-কলম এবং ১১ জন শিক্ষার্থীর মধ্যে ছাতা বিতরণ করা হয়। উভয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খাদ্যসামগ্রীও সরবরাহ করা হয়।
এর আগে একই প্রকল্পের আওতায় বড় শাখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ৩০টি টিফিন বক্স ও ২৮টি ছাতা বিতরণ করা হয়েছিল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চা বাগান এলাকার শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে এবং ঝরে পড়া রোধে সরকারের বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে ইতিবাচক ফল দিচ্ছে। শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে।
উল্লেখ্য, পানিউমদা ইউনিয়নের ইমাম ও বাওয়ানী চা বাগান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও নানা সমস্যার কারণে কার্যত বন্ধ ছিল। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে অস্থায়ী শিক্ষক নিয়োগের মাধ্যমে বিদ্যালয় দুটির শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করা হয়। বর্তমানে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান কার্যক্রম অব্যাহত রয়েছে।
Leave a Reply