নবীগঞ্জ প্রতিনিধি ::সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে নবীগঞ্জ জেকে মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা বিদ্যালয়ের পেছনের পুকুর উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম শুরু করা হয়েছে।
জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন-এর সার্বিক তত্ত্বাবধানে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে পুকুরের ঘাটলা এলাকায় অবৈধভাবে দখল করা অংশ উচ্ছেদ করে ভেঙে ফেলা হয়েছে।
বর্তমানে পুকুরটি পরিষ্কার ও পুনরুদ্ধারের কাজ চলমান রয়েছে।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে পুকুরটি ভরাট ও দখলের কারণে এর স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে যায়। ফলে পুকুরটি পুনরুদ্ধারের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী, শিক্ষার্থী ও সচেতন মহল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জেকে স্কুলের পেছনের পুকুরটি উদ্ধার ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে পুকুরটিকে যতটুকু সম্ভব পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।
Leave a Reply