ডেস্ক রিপোর্ট:;বাংলাদেশ সময় আজ রাত ১১টায় মাঠে গড়াবে ২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত নকআউট পর্বের ম্যাচ। শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হবে এশিয়ার অন্যতম সেরা দল জাপান। ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উত্তেজনা।
শক্তিমত্তা, অভিজ্ঞতা ও ফিফা র্যাঙ্কিং—সব দিক থেকেই এগিয়ে রয়েছে ব্রাজিল। সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে সেলেসাওদের অবস্থান ষষ্ঠ, আর জাপান রয়েছে ১৮ নম্বরে।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসও ব্রাজিলের পক্ষেই কথা বলে। এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে ১০ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে ৭টি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল, ২টি ম্যাচ ড্র হয়েছে এবং জাপান জিতেছে মাত্র একটি ম্যাচ।
তবে সেই একমাত্র জয়টিই এসেছে দুই দলের সর্বশেষ দেখায়। ২০২৫ সালের অক্টোবরে একটি প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল জাপান। সেই ম্যাচের বেশ কয়েকজন খেলোয়াড় এবারও জাপানের বিশ্বকাপ দলে থাকায় তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই ব্রাজিলের।
মুখোমুখি ১০ ম্যাচে মোট ৪৫টি গোল হয়েছে। এর মধ্যে ব্রাজিল করেছে ৩৭টি, আর জাপান করেছে ৮ গোল। এই লড়াইয়ের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলের তারকা নেইমার, যিনি জাপানের বিপক্ষে পাঁচ ম্যাচে করেছেন ৯ গোল।
পরিসংখ্যান, র্যাঙ্কিং ও অতীতের সাফল্য ব্রাজিলের পক্ষে থাকলেও, সর্বশেষ ম্যাচে জাপানের জয় এই নকআউট লড়াইকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তাই বিশ্বকাপে টিকে থাকার এই ম্যাচে দুই দলের লড়াইয়ে রোমাঞ্চের কমতি থাকবে না।
সূত্র : যুগান্তর।
Leave a Reply