ডেস্ক রিপোর্ট:: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় দুই বছরের নির্বাসন শেষে আগামী ডিসেম্বরের দিকে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে ফিরে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করতে চান।
৭৮ বছর বয়সী শেখ হাসিনা বলেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি প্রাণনাশের ঝুঁকিও থাকতে পারে। তবুও তিনি নিজের জন্মভূমিতে ফিরে আসতে চান। তার ভাষায়, যদি মৃত্যুও আসে, তবে সেটি যেন নিজের দেশেই হয়, যেখানে তার বাবা-মায়ের কবর রয়েছে।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ক্ষমতা ছেড়ে তিনি ভারতে আশ্রয় নেন। এরপর থেকে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার ভারতের কাছে একাধিকবার অনুরোধ জানিয়েছে বলে সাক্ষাৎকারে উল্লেখ করেন তিনি। তবে শেখ হাসিনার দাবি, তিনি নিজ উদ্যোগেই দেশে ফিরবেন এবং এ বিষয়ে কোনো বিদেশি সরকারের সঙ্গে আলোচনা করেননি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে এবং অনেকে আত্মগোপনে রয়েছেন। দেশে ফিরে তাদের সঙ্গে নিয়ে আদালতে আত্মসমর্পণ করবেন বলেও জানান তিনি। বিচার প্রক্রিয়ার মাধ্যমে আদালতের নিরপেক্ষতা নিয়ে নিজের অবস্থান তুলে ধরতে চান বলে মন্তব্য করেন। তবে কবে বা কোন আদালতে আত্মসমর্পণ করবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ জানাননি।
শেখ হাসিনা জানান, বর্তমানে ভারতে অবস্থান করে তিনি আওয়ামী লীগকে পুনর্গঠনের কাজ করছেন। ইতোমধ্যে দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ১২৫টি আসনের নেতাদের সঙ্গে অনলাইনে বৈঠক করেছেন বলেও উল্লেখ করেন। দল নিষিদ্ধ থাকার বিষয়ে তিনি প্রশ্ন তুলে বলেন, কোনো ব্যক্তি অভিযুক্ত হতে পারেন, কিন্তু একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত জনগণের বিচারেই হওয়া উচিত।
কারাবরণ নিয়ে ভয় নেই উল্লেখ করে তিনি বলেন, অতীতেও তিনি একাধিকবার কারাগারে ছিলেন। দীর্ঘ সময় সরকার পরিচালনার ক্ষেত্রে ভুল-ত্রুটি থাকতে পারে স্বীকার করলেও, তার মূল্যায়নের অধিকার জনগণের ওপরই ছেড়ে দিয়েছেন বলে জানান।
উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে গণঅভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় একটি আদালত শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে তিনি বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।
এদিকে শেখ হাসিনার এই বক্তব্যের বিষয়ে বাংলাদেশ সরকার বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার সম্ভাব্য দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিতে পারে।
Leave a Reply