ডেস্ক রিপোর্ট::জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, যেসব কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অধিভুক্তির শর্ত যথাযথভাবে পালন করবে না, তাদের অধিভুক্তি বাতিল করা হবে। এ বিষয়ে কোনো ধরনের আপত্তি গ্রহণ করা হবে না বলেও তিনি স্পষ্টভাবে জানান।
বৃহস্পতিবার হবিগঞ্জ সার্কিট হাউসে জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক এবং পরিচালনা পরিষদের সভাপতি ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ভাইস-চ্যান্সেলর বলেন, অনেক ক্ষেত্রে শিক্ষকরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থান কিংবা শিল্পকারখানার চাহিদা বিবেচনা না করে কেবল নিজেদের পছন্দের বিষয় নিয়ে অধিভুক্তির আবেদন করেন, যা মোটেও কাম্য নয়। তিনি উল্লেখ করেন, চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে বিবিএ, সিএসইসহ বিভিন্ন প্রফেশনাল বিষয়ে দক্ষ জনবলের চাহিদা বাড়লেও এসব বিষয়ে অধিভুক্তির আবেদন তুলনামূলকভাবে কম। ভবিষ্যতের চাহিদা বিবেচনায় রেখে নতুন ও যুগোপযোগী বিষয়ে অধিভুক্তির আবেদন করার আহ্বান জানান তিনি।
অনেক কলেজে নিয়মিত পরিচালনা পরিষদের সভা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে প্রফেসর আমানুল্লাহ বলেন, নিয়মিত সভা না হলে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রকৃত সমস্যা জানা যায় না এবং সমাধানও সম্ভব হয় না। এতে করে সময়ের সঙ্গে সঙ্গে সমস্যাগুলো আরও জটিল আকার ধারণ করে। পাশাপাশি নিয়মিত সভা না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্যোগও নেওয়া যায় না, ফলে তারা বঞ্চিত হন এবং হতাশা বাড়ে।
তিনি আরও বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজের সার্বিক উন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া যেকোনো উদ্যোগ বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয় সর্বদা পাশে থাকবে।
এদিকে, মঙ্গলবার ও বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হবিগঞ্জ জেলার বাহুবল, নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলার মোট আটটি কলেজ পরিদর্শন করেন। এ সময় তিনি কলেজগুলোর অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।
— বিজ্ঞপ্তি
Leave a Reply