ইতিহাসে নিজের জায়গা নিয়ে আত্মবিশ্বাসী নেইমার, লক্ষ্য এখনো বিশ্বকাপ জয়

স্পোর্টস ডেস্ক::
চোটের কারণে এখনো পুরোপুরি মাঠে ফিরতে পারেননি ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও প্রস্তুতি ম্যাচগুলোতে অংশ নিতে পারছেন না তিনি। এমনকি ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে তার খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

 
তবে শারীরিক সমস্যার মধ্যেও নেইমারকে ঘিরে ব্রাজিলিয়ান সমর্থকদের আশা কমেনি। দীর্ঘদিন ধরে বিশ্বকাপ শিরোপার অপেক্ষায় থাকা সেলেসাও সমর্থকরা বিশ্বাস করেন, অভিজ্ঞ এই তারকার হাত ধরেই ব্রাজিল পেতে পারে কাঙ্ক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ।

 
সম্প্রতি ‘রেডবুল আল্টিমেট সকার চ্যালেঞ্জ’-এ দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ফুটবল ইতিহাসে নিজের অবদান নিয়ে তিনি গর্বিত। তার মতে, ফুটবলপ্রেমীরা ভবিষ্যতেও তাকে স্মরণ করবে এবং দেশের ফুটবলে তার অবদান প্রজন্মের পর প্রজন্ম মনে রাখা হবে।

 
নেইমার বলেন, ক্যারিয়ারের প্রতিটি ক্লাবে তিনি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন। সান্তোস, বার্সেলোনা, পিএসজি কিংবা আল হিলাল—সব জায়গাতেই নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন। বিশেষ করে ব্রাজিল জাতীয় দলের জার্সিতে খেলতে নেমে কখনো কোনো কমতি রাখেননি বলে জানান তিনি।

 
বর্তমানে শৈশবের ক্লাব সান্তোসে খেলছেন এই ব্রাজিলিয়ান তারকা। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নেইমার বলেন, ক্লাবটির সঙ্গে তার আরও এক বছরের চুক্তি রয়েছে। আপাতত সেই চুক্তির মেয়াদ শেষ করতে চান তিনি। এরপর নিজের শারীরিক ও মানসিক অবস্থার মূল্যায়ন করে আগামী বছরের শুরুতে ক্যারিয়ারের পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানান এই অভিজ্ঞ ফুটবলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা