ডেস্ক রিপোর্ট:: স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ: আগামীকাল শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পরীক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রুহুল আমিন।
বুধবার (১ জুলাই ২০২৬) সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন এলাকার কয়েকজন এইচএসসি পরীক্ষার্থীর বাসায় গিয়ে তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় পরীক্ষার্থীদের প্রত্যেককে একটি করে কলমের বক্স, একটি টেবিল ল্যাম্প এবং বিভিন্ন ধরনের ফল উপহার হিসেবে প্রদান করা হয়।
সাক্ষাৎকালে ইউএনও পরীক্ষার্থীদের সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত রিভিশন দিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের পরামর্শ দেন। পাশাপাশি সময়ের সঠিক ব্যবহার, মানসিক চাপমুক্ত থেকে পরীক্ষা দেওয়া এবং সুস্বাস্থ্যের প্রতি গুরুত্বারোপ করেন।
এ সময় ইউএনও মো. রুহুল আমিন বলেন, পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। ভয় বা দুশ্চিন্তা নয়, আত্মবিশ্বাস ও সঠিক প্রস্তুতিই ভালো ফলাফলের মূল চাবিকাঠি। সবাই মনোযোগের সঙ্গে পরীক্ষা দেবে—এই প্রত্যাশা করি।
তার এই ব্যতিক্রমী উদ্যোগে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা আনন্দ প্রকাশ করেন এবং এমন উৎসাহব্যঞ্জক পদক্ষেপের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।
শেষে উপজেলা নির্বাহী অফিসার নবীগঞ্জ উপজেলার সকল এইচএসসি পরীক্ষার্থীর সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
Leave a Reply