নিজামুল ইসলাম চৌধুরী :: নবীগঞ্জ উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ দিনব্যাপী মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং আউশকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রীতেশ রঞ্জন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড সদস্য জমির আলী এবং নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য ডাঃ নিজামুল ইসলাম চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে প্রশাসনিক কর্মকর্তা প্রীতেশ রঞ্জন চৌধুরী বলেন, “জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং তারা ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে সক্ষম হয়।”
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পুরো আয়োজন সম্পন্ন হয়।
Leave a Reply