নবীগঞ্জের দাউদপুরে দুই পক্ষের ঘণ্টাব্যাপী সংঘ’র্ষ।। আহ’ত অর্ধশতাধীক

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। গুরুতর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দাউদপুর গ্রামের সাবেক ইউপি সদস্য ও দীঘলবাক ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জুয়েল মিয়ার সমর্থকদের সঙ্গে একই গ্রামের আমেরিকা প্রবাসী সাবেক ইউপি সদস্য কাপ্তান মিয়ার সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এ বিরোধের জেরে গত ৮ জুন বিকেলে কাপ্তান মিয়ার চাচাতো ভাই নানু মিয়ার বাড়িতে হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় নানু মিয়া, তার স্ত্রী ডলি বেগম, জামাতা সুহেল মিয়াসহ কয়েকজন আহত হন। পরে ডলি বেগম বাদী হয়ে ১৩ জনকে আসামি করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
স্থানীয়দের দাবি, ওই মামলার পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে আবারও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় নতুন করে কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা