নবীগঞ্জে গ্রামীণফোনের দুর্বল নেটওয়ার্কে ভোগান্তি, অনলাইন ক্লাসে ব্যাহত শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর ও লালাপুর গ্রামের গ্রামীণফোন গ্রাহকরা দীর্ঘদিন ধরে নেটওয়ার্ক ও ইন্টারনেট সমস্যায় ভুগছেন। দুর্বল নেটওয়ার্কের কারণে সাধারণ গ্রাহকদের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অনলাইন ক্লাস ও শিক্ষামূলক কার্যক্রমে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

 

স্থানীয়দের অভিযোগ, ঘরের ভেতরে মোবাইল নেটওয়ার্ক প্রায় পাওয়া যায় না। অনেক সময় ফোনে কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহার করতে বাড়ির বাইরে যেতে হয়। ফলে দৈনন্দিন যোগাযোগের পাশাপাশি অনলাইনভিত্তিক শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
প্রজাতপুর গ্রামের বাসিন্দা রাশিদুল ইসলাম সেবু বলেন, “রমজানপুর গ্রামে গ্রামীণফোনের একটি টাওয়ার রয়েছে, যা আমাদের গ্রাম থেকে মাত্র এক থেকে দেড় কিলোমিটার দূরে। তারপরও আমরা ঘরের ভেতরে নেটওয়ার্ক পাই না। ইন্টারনেট ব্যবহার করতে হলে বাড়ির বাইরে যেতে হয়।

 

স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, বর্তমানে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট জমা এবং শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে হয়। কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে তারা নিয়মিত এসব কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে না। অনেক সময় গুরুত্বপূর্ণ ক্লাস ও অনলাইন মিটিংও মিস করতে হচ্ছে।

 
সরেজমিনে জানা যায়, উপজেলার রমজানপুর গ্রাম এবং বান্দের বাজার এলাকায় গ্রামীণফোনের টাওয়ার থাকলেও প্রজাতপুর ও লালাপুর গ্রামের গ্রাহকদের চাহিদা অনুযায়ী সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। ফলে অনেক পরিবার মোবাইল ইন্টারনেটের পাশাপাশি বাড়িতে ওয়াই-ফাই সংযোগ নিতে বাধ্য হচ্ছে। এতে তাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে।

 
ভুক্তভোগী গ্রাহকরা দ্রুত নেটওয়ার্কের মান উন্নয়ন, টাওয়ারের সক্ষমতা বৃদ্ধি অথবা প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান দাবি করেছেন।

 
এ বিষয়ে গ্রামীণফোন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা