নবীগঞ্জে সড়ক দু’র্ঘটনায় বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃ’ত্যু

নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একটি বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও দপ্তরীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দেবপাড়া ইউনিয়নের নলসুজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ঘোলডুবা এম এ মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ মাসুম পারভেজ (৪৮) এবং একই বিদ্যালয়ের দপ্তরী শামীম রেজা (২১)।

মাসুম পারভেজ নেত্রকোনা জেলার আটপাড়া থানার কৈলং এলাকার মো. আজিজুর রহমানের ছেলে। শামীম রেজা নবীগঞ্জ উপজেলার বেতাপুর এলাকার ইছমত মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মাসুম পারভেজ ও শামীম রেজা মোটরসাইকেলে করে নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকায় মাসুমের শ্বশুরবাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। সেখানে তিনি তার মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।

পথে ঢাকা-সিলেট মহাসড়কের নলসুজা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নম্বরবিহীন ডিআই পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে মাসুম পারভেজের মৃত্যু হয়। অপরদিকে, শামীম রেজার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। পরে দুর্ঘটনায় জড়িত পিকআপ ও মোটরসাইকেলটি শেরপুর হাইওয়ে থানায় নেওয়া হয়।

শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পিকআপ ও মোটরসাইকেলটি থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা