ডেস্ক রিপোর্ট:: বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশ ও ভারতের সম্মিলিত জনশক্তি, প্রতিভা ও সম্পদকে কাজে লাগানো গেলে দুই দেশ আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী অবস্থান গড়ে তুলতে সক্ষম হবে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
দিনেশ ত্রিবেদী বলেন, ভারতের প্রায় ১৪০ কোটি এবং বাংলাদেশের প্রায় ২০ কোটি মানুষ মিলে একটি বিশাল জনশক্তি তৈরি করে। দুই দেশের মধ্যে সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হলে সেই শক্তি বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, খেলাধুলা, স্বাস্থ্য, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বাংলাদেশ ও ভারতের তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে। দুই দেশের প্রতিভা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের উন্নয়নকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।
সীমান্তে ‘পুশইন’ ইস্যু, ভ্রমণ ও বাণিজ্যসংক্রান্ত বিধিনিষেধ বিষয়ে প্রশ্ন করা হলে হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারত অভিন্ন ভূগোল ও পরিবেশের অংশীদার। উভয় দেশের স্বার্থ ও কল্যাণ বিবেচনায় ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
বাংলাদেশে পৌঁছানোর সময় নোম্যান্সল্যান্ডে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় হাইকমিশন এবং বেনাপোল স্থলবন্দরের কর্মকর্তারা। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী মৃণাল ত্রিবেদী।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে ভারত সরকার সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদ বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। তিনি প্রণয় ভার্মা-এর স্থলাভিষিক্ত হয়েছেন।
Leave a Reply