-
- জাতীয়
- বি’পৎসীমার ওপরে কুশিয়ারার পানি, নবীগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার পানি,প্লা’বিত একাধিক গ্রাম
- আপডেট টাইম : July, 11, 2026, 6:26 pm
- 2 বার
ডেস্ক রিপোর্ট ::টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বিভিন্ন গ্রামে বন্যার পানি ঢুকে পড়েছে। এতে বড় ধরনের বন্যার আশঙ্কায় উদ্বেগ বেড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুশিয়ারা নদীর শেরপুর ও মার্কুলী পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ইতোমধ্যে দীঘলবাক ইউনিয়নের গালিবপুর গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে আশ্রয়কেন্দ্রে চলে গেছে।
এছাড়া দীঘলবাক ইউনিয়নের কসবা, চরগাঁও, দীঘলবাক, জামারগাঁও, রাধাপুর ও ফাদুল্লাসহ কয়েকটি গ্রামে পানি প্রবেশ করতে শুরু করেছে। ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর গ্রামও বন্যার পানিতে প্লাবিত হয়েছে। উমরপুর-চরগাঁও সড়ক পানির নিচে চলে যাওয়ায় যোগাযোগে বিঘ্ন সৃষ্টি হয়েছে। বিভিন্ন গ্রামের বসতবাড়ির আঙিনায় পানি পৌঁছে যাওয়ায় চরম উৎকণ্ঠায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
উজানের ঢল এবং টানা কয়েক দিনের ভারী বর্ষণের কারণে সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় নদীর দুই তীরের জনবসতি ও কৃষিজমি বন্যার উচ্চ ঝুঁকিতে রয়েছে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন বলেন, উপজেলা প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
তিনি বলেন,প্রয়োজন হলে দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যেতে হবে। গবাদিপশু, শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রী নিরাপদ স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কোথাও বাঁধে ঝুঁকি বা জরুরি পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে অনুরোধ করা হচ্ছে।
তিনি আরও জানান, সম্ভাব্য যেকোনো দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply