স্টাফ রিপোর্টার: ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী এলাকায় গুলিবিদ্ধ হয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে লাখাট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিনহাজ উদ্দিন (২৫) গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মিনহাজ উদ্দিনসহ কয়েকজন সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে মেঘালয়ের লাখাট স্টেশন এলাকায় স্থানীয় খাসিয়া সম্প্রদায়ের কয়েকজনের ছোড়া গুলিতে মিনহাজ গুলিবিদ্ধ হন।
তার সঙ্গে থাকা ব্যক্তিরা আহত অবস্থায় তাকে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি পুলিশ ও বিজিবিকে অবহিত করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী মিনহাজ উদ্দিন ভারতের প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে গিয়ে গুলিবিদ্ধ হন। পরে তাকে বাংলাদেশে নিয়ে আসা হলেও হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তদন্ত ও পরবর্তী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
Leave a Reply