ডেস্ক রিপোর্ট ::রাজধানীর লালবাগ থানায় দায়ের করা সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগের মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-এর জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন দেন।
আইনজীবীরা জানান, তার বিরুদ্ধে অন্য কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় মুক্তি পেতে আইনি কোনো বাধা নেই।
এর আগে গত ৭ এপ্রিল ভোরে তাকে এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয় এবং ওইদিনই আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৮ জুলাই বিকেলে আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলন চলাকালে দেশি-বিদেশি অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে আশরাফুল ওরফে ফাহিম নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে চোখে আঘাত পান এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় গত বছরের ২৫ মে শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১১৫-১২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পরদিন সংসদ ভেঙে দেওয়া হলেও সংবিধান অনুযায়ী স্পিকারের পদ তাৎক্ষণিকভাবে শূন্য হয়নি। তবে পরবর্তী স্পিকারের শপথের আগেই, একই বছরের ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী।
২০০৯ সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে রাজনীতিতে আসেন তিনি এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি বাংলাদেশের প্রথম নারী স্পিকার হিসেবে নির্বাচিত হন এবং টানা তিন মেয়াদে দায়িত্ব পালন করেন।
Leave a Reply