নবীগঞ্জে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষে কলেজ ছাত্র নিহত, আহত ২০

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মঞ্জুর মিয়া (২৩) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মঞ্জুর মিয়া বেগমপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং নবীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারি একটি জমি ভোগদখল করে আসছিলেন খলিলুর রহমান। একই গ্রামের হেলাল মিয়া ও মনিরুজ্জামান পক্ষ ওই জমি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করলে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল।
রোববার সকালে হেলাল মিয়া ও মনিরুজ্জামানের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে মঞ্জুর মিয়াসহ কমপক্ষে ২০ জন আহত হন।
আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মঞ্জুর মিয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন সাফি মিয়া (৩২), মুজিবুর রহমান (৩২), শামিম মিয়া (৫০), মামুন মিয়া (৩১), জুনেদ মিয়া (২৮), রুহেল মিয়া (৩৮), ইমন মিয়া (১৭), কাউছার মিয়া (২২), জুয়েল আহমেদ (৩২)সহ আরও অনেকে। অন্যান্য আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া জানান, জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা