চলে গেলেন বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ

ডেস্ক রিপোর্ট ::ঢাকা প্রতিনিধি: সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

 

স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ ও তার পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত বছরের ২৪ সেপ্টেম্বর নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ এবং বার্ধক্যজনিত শারীরিক জটিলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।
তার জামাতা ও সাবেক সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন জানান, তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তিনি এক কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
১৯৭০ সালের সাধারণ নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তীতে নয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং বিভিন্ন সময়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এদিকে, পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ প্রথমে ধানমন্ডির ১২/এ এলাকার তাকওয়া মসজিদে নেওয়া হবে। সেখানে গোসল শেষে বাদ মাগরিব প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে।
ব্যক্তিগত সহকারী আবুল খায়ের জানান, মঙ্গলবার হেলিকপ্টারে করে মরদেহ ভোলায় নেওয়া হবে। সেখানে সার্কিট হাউস মাঠে জানাজা শেষে তার মায়ের কবরের পাশে দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা