নবীগঞ্জে গালিমপুর-মাধবপুরে পানিবন্দি শতাধিক মানুষ, আশ্রয়কেন্দ্রে ৮০ পরিবার

ডেস্ক রিপোর্ট::টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীসংলগ্ন ৪ নম্বর দীঘলবাক ইউনিয়নের গালিমপুর ও মাধবপুর গ্রাম প্লাবিত হয়েছে। এতে শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় দুই গ্রামের প্রায় ৮০টি পরিবার নিরাপদ আশ্রয়ের জন্য আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে।

দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে নবীগঞ্জ  উপজেলা প্রশাসন। শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যদের উপস্থিতিতে বন্যাকবলিত পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী হিসেবে শুকনা খাবার বিতরণ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে এবং ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা দেওয়া হবে।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন বলেন, উপজেলা প্রশাসন বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আশ্রয়কেন্দ্র চালু রাখা হয়েছে এবং প্রয়োজনীয় ত্রাণ ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। কেউ যেন খাদ্য বা জরুরি সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।

তিনি আরও জানান, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে। পাশাপাশি বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

এদিকে সংশ্লিষ্টরা জানান, এলাকার সার্বিক বন্যা পরিস্থিতির বিষয়ে দায়িত্বশীল কর্তৃপক্ষ নিয়মিত খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন। স্থানীয় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিরাও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছেন।

পানিবন্দি মানুষ দ্রুত বন্যা পরিস্থিতির উন্নতি এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন। পাশাপাশি বিত্তবানদের সাহায্য কামনা করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা