ডেস্ক রিপোর্ট ॥ ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বুধবার (১৫ জুলাই) রাত ১টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বহুল প্রতীক্ষিত এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন মরক্কোয় জন্ম নেওয়া যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক রেফারি ইসমাইল এলফাথ।
৪৪ বছর বয়সী এলফাথ চলতি বিশ্বকাপে ইতোমধ্যে তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। অভিজ্ঞ এই রেফারি নেদারল্যান্ডস-জাপান, স্পেন-উরুগুয়ে এবং ব্রাজিল-নরওয়ে ম্যাচে দায়িত্ব পালন করেন। তিন ম্যাচে তিনি মোট আটটি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখিয়েছেন।
তবে তার কয়েকটি সিদ্ধান্ত নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। স্পেন-উরুগুয়ে ম্যাচে উরুগুয়ের আগুস্তিন কানোব্বিওকে বিপজ্জনক ট্যাকলের জন্য লাল কার্ড দেখান তিনি। একই ম্যাচে রদ্রিগো বেনতানকুরের একটি কঠোর ট্যাকলে ইনাকি উইলিয়ামস আহত হলেও শুধু হলুদ কার্ড দেখানোর সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েন এলফাথ।
ব্রাজিল-নরওয়ে ম্যাচেও তার একটি সিদ্ধান্ত আলোচনায় আসে। নরওয়ের এক ডিফেন্ডারের চ্যালেঞ্জে ব্রাজিলের ম্যাথেউস কুনহা পড়ে গেলেও প্রথমে পেনাল্টি দেননি তিনি। পরে ভিএআরের পরামর্শে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন। যদিও সেই স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গিমারায়েস।
আর্জেন্টিনার জন্য এলফাথ নতুন নন। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে তিনি চতুর্থ কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া টোকিও ২০২০ অলিম্পিকে আর্জেন্টিনার একটি ম্যাচও পরিচালনা করেন, যেখানে আলবিসেলেস্তেরা ১-১ গোলে ড্র করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।
মরক্কোর কাসাব্লাঙ্কায় জন্ম নেওয়া এলফাথ ১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য যান এবং পরবর্তীতে রেফারিংকে পেশা হিসেবে বেছে নেন। ২০১৬ সাল থেকে তিনি ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকাভুক্ত। দীর্ঘদিন ধরে মেজর লিগ সকার (এমএলএস)-এ ম্যাচ পরিচালনার সুবাদে লিওনেল মেসির ম্যাচেও একাধিকবার দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালের লিগস কাপ ফাইনালেও তিনি প্রধান রেফারি ছিলেন, যেখানে মেসির ইন্টার মিয়ামি শিরোপা জিতেছিল।
বিশ্বকাপ ছাড়াও কোপা আমেরিকা, গোল্ড কাপ, অলিম্পিক গেমস, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং ক্লাব বিশ্বকাপ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। এটি এলফাথের দ্বিতীয় ফিফা বিশ্বকাপ। কাতার ২০২২ আসরে তিনি পর্তুগাল-ঘানা, ক্যামেরুন-ব্রাজিল এবং জাপান-ক্রোয়েশিয়ার শেষ ষোলোর ম্যাচ পরিচালনা করেছিলেন।
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে এলফাথের সহকারী হিসেবে থাকবেন যুক্তরাষ্ট্রের কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস। আর চতুর্থ কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ইতালির মাউরিজিও মারিয়ানি।
Leave a Reply