২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ (১৫ জুলাই) মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনার পাশাপাশি আলোচনায় এসেছে এক ক্রীড়া জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী।
দক্ষিণ আমেরিকার ফুটবলভিত্তিক ভবিষ্যদ্বাণীর জন্য পরিচিত জ্যোতিষী জর্জিও আরমাস দাবি করেছেন, দুই দলের শক্তির পার্থক্য খুবই সামান্য। তাই নির্ধারিত ৯০ মিনিট কিংবা অতিরিক্ত সময়েও ম্যাচের ফল নির্ধারিত নাও হতে পারে। তার মতে, ম্যাচ গড়াতে পারে টাইব্রেকারে।
সম্প্রতি নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ২০২৫ সালের ২৮ জুন দেওয়া একটি পুরোনো পোস্ট আবারও সামনে আনেন আরমাস। ওই পোস্টে তিনি লিখেছিলেন, আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে এবং গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজকে টাইব্রেকারের জন্য প্রস্তুত থাকতে হবে।
পুরোনো সেই পোস্ট উদ্ধৃত করে তিনি লেখেন, “ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে। অনেক আগেই বলেছিলাম। দিবুকে প্রস্তুত থাকতে হবে, আমরা টাইব্রেকারে যাচ্ছি।”
তবে কোন দল শেষ পর্যন্ত জয় পাবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো মন্তব্য করেননি এই জ্যোতিষী। তার মতে, দুই দলের সামর্থ্য প্রায় সমান হওয়ায় আগাম বিজয়ী নির্ধারণ করা কঠিন।
এক সাক্ষাৎকারে আরমাস আরও বলেন, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তার ভাষায়, “আমাদের লিওর সেরা ম্যাচের জন্য প্রস্তুত থাকতে হবে।”
উল্লেখ্য, জর্জিও আরমাস অতীতে দক্ষিণ আমেরিকার বিভিন্ন ক্লাব ও জাতীয় দলকে নিয়ে একাধিক ভবিষ্যদ্বাণী করে আলোচনায় এসেছেন। তবে তার সব মন্তব্যই জ্যোতিষভিত্তিক দাবি। এসবের বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং ম্যাচের প্রকৃত ফল নির্ধারিত হবে মাঠের পারফরম্যান্সের ওপর।
Leave a Reply