এইচএসসির তিন বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়ার ইঙ্গিত, দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর

ডেস্ক রিপোর্ট :: উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ে পুনঃপরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে নিজের একটি মন্তব্য নিয়ে সৃষ্টি হওয়া বিতর্কের পর তিনি দুঃখ প্রকাশ করেছেন।

মঙ্গলবার জাতীয় সংসদে একটি বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার পরীক্ষার দিন দেশের অনেক এলাকায় ভারী বৃষ্টি হয়েছিল। এতে অনেক পরীক্ষার্থী ভিজে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছেন এবং অনেকে স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে।
তিনি জানান, বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেছে। বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার স্থগিত হওয়া পরীক্ষাগুলো পুনরায় নেওয়া হবে। সেই সময় পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার পরীক্ষাও আবার নেওয়ার ব্যবস্থা করা হতে পারে।
শিক্ষামন্ত্রী বলেন, “আমার একটি ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলিনি। তবুও যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”
এর আগে শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করেছেন—এমন অভিযোগ ছড়িয়ে পড়ার পর রাজধানীসহ বিভিন্ন এলাকায় এইচএসসি পরীক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা এবং ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার দাবিতে আন্দোলন করেন।
মঙ্গলবার রাজধানীর সায়েন্স ল্যাব, মিরপুর, উত্তরাসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে আন্দোলনকারীরা সংসদ ভবনের সামনে অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
এর আগে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম পরীক্ষার্থীদের দাবির বিষয়ে সরকারের দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এর জবাবে শিক্ষামন্ত্রী পুনঃপরীক্ষা আয়োজনের সম্ভাবনার কথা তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা