ডেস্ক রিপোর্ট ::রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ভয়াবহ দুর্ঘটনায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। প্রায় ৪০ জন যাত্রী নিয়ে বাসটি রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বাসটি ফেরিতে ওঠার জন্য ঘাটে অপেক্ষা করছিল। এ সময় ‘হাসনা হেনা’ নামের একটি ছোট ফেরি এসে পন্টুনে জোরে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।
ঘাট তত্ত্বাবধায়ক মো. মনির হোসেন বলেন, চোখের সামনে বাসটি নদীতে পড়ে গেলেও তাৎক্ষণিকভাবে কিছু করার সুযোগ ছিল না। বাসে থাকা কয়েকজন যাত্রী সাঁতরে উঠতে পারলেও অনেকেই ভেতরে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। ঢাকা ও ফরিদপুর থেকে আরও উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এদিকে বিআইডব্লিউটিসি কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং বাসটি দ্রুত শনাক্ত করে তোলার চেষ্টা চলছে।
Leave a Reply