ডেস্কে রিপোর্ট:: সিলেটের ওসমানীনগর উপজেলায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। ভয়াবহ এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। নিহতদের মধ্যে জনপ্রিয় বাউলশিল্পী পেহেলী ভৈরবীও রয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। পরে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও এক শিশুর মৃত্যু হয়।
এ পর্যন্ত নিহত ৯ জনের মধ্যে ৪ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২), ঢাকার বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের তিন বছর বয়সী কন্যা খোজাইফা, কিশোরগঞ্জের কুলিয়ারচরের ঠিকাদার সাইফুল ইসলাম এবং কিশোরগঞ্জের ভৈরবের বাউলশিল্পী পেহেলী ভৈরবী। নিহতরা সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম ভূঁইয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে দয়ামীর বাজারসংলগ্ন কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে দুই বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, হাসপাতালে আনার পর গুরুতর মাথায় আঘাত পাওয়া এক শিশুর মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Leave a Reply