আশ্বাসেই ঝুলে আছে ভরপুর-বাঁশডর সড়ক সংস্কার, নবীগঞ্জে দু’র্ভোগে কয়েক হাজার মানুষ

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ::নির্বাচন এলেই মেলে সংস্কারের আশ্বাস। কিন্তু নির্বাচন শেষ হলে সেই প্রতিশ্রুতির আর বাস্তবায়ন হয় না,এমন অভিযোগ স্থানীয়দের। দীর্ঘ কয়েক দশক ধরে সংস্কারের অপেক্ষায় পড়ে আছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের গুরুত্বপূর্ণ ভরপুর-বাঁশডর সড়ক। সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন ৫-৬টি এলাকার কয়েক হাজার মানুষ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে পিচ ও ইটের খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি ও কাদা জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী, শিক্ষার্থী, অটোরিকশা ও অন্যান্য যানবাহনকে। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনাও।
বিশেষ করে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের দুর্ভোগ সবচেয়ে বেশি। শিক্ষার্থীরা বলেন, সড়কটির বিভিন্ন অংশ এতটাই ভাঙাচোরা যে হেঁটে চলাচল করাও কষ্টকর হয়ে পড়েছে। জনস্বার্থে দ্রুত সড়কটি সংস্কার ও পাকাকরণের দাবি জানান তারা।
স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা এলাকায় এসে সড়ক সংস্কারের নানা প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচন শেষ হলে তাদের আর দেখা মেলে না। ফলে বছরের পর বছর ধরে আশ্বাসের মধ্যেই আটকে আছে জনগুরুত্বপূর্ণ এই সড়কের সংস্কারকাজ।
লন্ডনপ্রবাসী সমাজসেবক আবুল কাসেম তালুকদার বলেন, বাঁশডর গ্রামসহ আশপাশের ৫-৬টি এলাকার মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম এই সড়ক। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্তমানে এটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তিনি দ্রুত সড়কটি সংস্কারে স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয় যুবক আকরাম বলেন, এই সড়কে গাড়ি দিয়ে চলাচল এখন অনেকটা স্বপ্নের মতো। এমনকি হেঁটে চলাচল করতেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কের বেহাল অবস্থার কারণে আত্মীয়স্বজন ও অতিথিরাও এলাকায় আসতে অনীহা প্রকাশ করেন।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী সাব্বির আহমেদ বলেন, ‘ভরপুর হতে বাঁশডর’ সড়কের টেন্ডার একবার বাতিল হয়েছিল। পরবর্তীতে পুনরায় সংস্কারের জন্য প্রাক্কলন পাঠানো হয়েছে। অনুমোদন হয়ে এলে সড়কটির সংস্কারকাজ শুরু করা হবে।
স্থানীয়দের প্রত্যাশা, আর আশ্বাস নয়,দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে সড়কটির সংস্কারকাজ শুরু হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন কয়েক হাজার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা