নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা:; হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা-র এক গ্রামে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে ৩০ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার দীঘলবাক ইউনিয়ন-এর কারখানা বোয়ালজোর গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা নির্ধারণ ও সরকারি সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষ মিলিয়ে প্রায় ৫০ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত ৩০ জনকে সিলেটে পাঠানো হয়। বাকিদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
উভয় পক্ষের প্রতিনিধিরা অভিযোগ-পাল্টা অভিযোগ করেছেন। এক পক্ষের দাবি, পূর্ব কোনো উসকানি ছাড়াই তাদের বাড়িঘরে হামলা চালানো হয়েছে। অন্য পক্ষের দাবি, জায়গা সংক্রান্ত বিরোধের জেরে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য শাহ সুলতান আহমদ বলেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, তবে পূর্ব বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে জেনেছেন।
নবীগঞ্জ থানা-র ওসি মোনায়েম মিয়া জানান, ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনি।
এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ জানান, সংঘর্ষের ঘটনায় শতাধিক ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।