ডেস্ক রিপোর্ট:; রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ১১তম মহাসমাবেশে আবেগঘন বক্তব্য দিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
শুক্রবার (৭ আগস্ট) তিনি বলেন, “আমার স্বপ্ন আপনাদের কাছে রেখে গেলাম। আমি না থাকলেও আপনারা নিরাপদ সড়ক বাস্তবায়নে ভূমিকা রাখবেন।”
ইলিয়াস কাঞ্চন জানান, ৩১ বছর আগে ব্যক্তিগত জীবনের গভীর শোক ও বেদনাকে তিনি মানুষের জীবন রক্ষার আন্দোলনে রূপ দিয়েছিলেন। দীর্ঘ পথচলায় সেই উদ্যোগ আজ আর কোনো ব্যক্তি বা সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি সারাদেশের মানুষের আন্দোলনে পরিণত হয়েছে।
তিনি বলেন, “এই আন্দোলন এখন আর ইলিয়াস কাঞ্চনের নয়, এটি দেশের মানুষের আন্দোলন। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
সরকার, প্রশাসন, জনপ্রতিনিধি, পরিবহন মালিক-শ্রমিক, প্রকৌশলী, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম এবং দেশের প্রতিটি সচেতন নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা একে অপরের প্রতিপক্ষ নই। আমরা সবাই মানুষের জীবন রক্ষার সহযোদ্ধা। নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
Leave a Reply