ডেস্ক রিপোর্ট:; মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার ৫ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২১ জুন) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় গাড়ির ভারতীয় চালকও নিহত হয়েছেন।
নিহতরা হলেন কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নুরের ছেলে জিবাল আহমদ (৩৫), মাঝতালুক গ্রামের জসিম উদ্দিন (৩৮), আগতালুক গ্রামের মস্তাক আহমদ (২৭), একই গ্রামের জুবের আহমদ (২৮) এবং বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ি গ্রামের কাদির আহমদ (৩৩)।
পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার সন্ধানে দীর্ঘদিন ধরে তারা কাতারে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো রোববার সকালে কাজের উদ্দেশ্যে দোহার একটি এলাকা থেকে প্রাইভেটকারযোগে সানিয়া এলাকায় যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৫ বাংলাদেশি ও গাড়িচালকের মৃত্যু হয়।
নিহত কাদির আহমদের বাবা বাহার উদ্দিন জানান, প্রায় চার বছর আগে পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় তার ছেলে কাতারে যান। আগামী মাসে তার দেশে ফেরার কথা ছিল। নিহতদের সবাই নিম্নআয়ের পরিবারের সদস্য এবং কাতারের একটি খামারে কর্মরত ছিলেন।
এদিকে, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে এবং সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্বজনরা।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৫ প্রবাসীর মৃত্যুর খবর আমরা পেয়েছি। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
একই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে নিহতদের বাড়িঘর।
Leave a Reply