ডেস্ক রিপোর্ট::ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের তরুণদের কল্যাণ এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে।
দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাব্যবস্থা সংস্কারের দাবিতে দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান আন্দোলনের মধ্যেই এ মন্তব্য করেন অমিত শাহ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এ পদক্ষেপ তরুণদের স্বার্থ রক্ষা এবং তাদের ভবিষ্যৎ নিরাপদ রাখার প্রতিশ্রুতিরই প্রতিফলন।
অমিত শাহ আরও বলেন, তরুণদের ভবিষ্যৎ সুরক্ষায় সরকার ধারাবাহিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে এবং এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।
এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না।” তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
মোদি আরও বলেন, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে এবং যারা দেশের তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
এদিকে, মোদির ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানায় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে সংক্ষিপ্ত এক পোস্টে লিখেছে, “ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে।” প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর দায় রয়েছে বলে অভিযোগ করেছে দলটি।
Leave a Reply