কিশোর গ্যাং দমনে কুমিল্লাজুড়ে পুলিশের সাঁড়াশি অভিযান: এক রাতেই আটক ৬২৪

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:অপরাধে সম্পৃক্ততার অভিযোগে কুমিল্লা জেলাজুড়ে বিশেষ অভিযান চালিয়ে এক রাতেই ৬২৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে জেলার ১৮টি থানা এলাকায় একযোগে পরিচালিত এই সাঁড়াশি অভিযানে অংশ নেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

​সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর স্থানীয় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার আনিসুজ্জামানের নির্দেশে এই বৃহৎ অভিযান চালানো হয়।
​কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা লুৎফর রহমান জানান, সাম্প্রতিক সময়ে অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সের কিশোরদের সম্পৃক্ততা আশঙ্কাজনক হারে বাড়ছে। বখাটেদের নিয়মিত আড্ডাস্থল ও অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে এই তল্লাশি চালানো হয়। আটকদের বিষয়ে তথ্য সংগ্রহ ও পূর্বের অপরাধের ইতিহাস যাচাই-বাছাই চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধ ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
​এদিকে অভিযান চলাকালে দাউদকান্দি থানা থেকে ১৭ জন আটক ব্যক্তি কক্ষের দরজা ভেঙে পালানোর চেষ্টা করে। এ বিষয়ে লুৎফর রহমান জানান, একসঙ্গে অনেক মানুষকে একটি কক্ষে রাখার পর বাইরে স্বজনদের ভিড় ও হট্টগোলের সুযোগে বিশৃঙ্খলা তৈরি হয়। তবে স্থানীয়দের সহায়তায় দ্রুতই পালিয়ে যাওয়া ব্যক্তিদের পুনরায় আটক করা সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা