নবীগঞ্জ প্রতিনিধি::হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়ন পরিষদে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ৫নং আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলাওর হুসেন। সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রীতেশ রঞ্জন চৌধুরী।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের সদস্য সাহেল আহমেদ, ২নং ওয়ার্ডের সদস্য ছয়ফর মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. নিজামুল ইসলাম চৌধুরী, মহিলা সদস্য শামিমা আক্তার, নাজমা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা।
সভায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সঠিক সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করা এবং নাগরিকদের এ বিষয়ে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, প্রতি শনিবার ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটি গঠন করা হবে। এসব কমিটি নিজ নিজ ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি ও জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
বক্তারা বলেন, একটি সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর ইউনিয়ন গড়ে তুলতে জনপ্রতিনিধি, পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি প্রত্যেক নাগরিকের জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার মাধ্যমে নাগরিক সেবা আরও সহজ ও সুশৃঙ্খল করা সম্ভব।
সভায় ইউনিয়নের সার্বিক উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নাগরিক সেবা আরও গতিশীল করার লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
Leave a Reply