নবীগঞ্জে মহাসড়ক পার হতে গিয়ে দু’র্ঘটনায় সিএনজি চালকের মৃ’ত্যু

নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় সোহেল মিয়া (৪৫) নামে এক সিএনজি অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সিএনজি শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

রোববার (২১ জুন) ভোরে উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের জব্বার উল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে জীবিকার সন্ধানে সিএনজি অটোরিকশা নিয়ে বের হন সোহেল মিয়া। আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় অটোরিকশা রেখে চা পান করার উদ্দেশ্যে মহাসড়কের অপর পাশে যাওয়ার সময় তিনি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে সিলেটগামী মাছবোঝাই একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় সিএনজি শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা