নেইমারকে নিয়ে সুখবর, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই দেখা যেতে পারে ব্রাজিল তারকাকে

ডেস্ক রিপোর্ট ::
ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার-এর বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা পুরোপুরি না কাটলেও আশার খবর দিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানিয়েছেন, কাফ মাসলের চোট থেকে দ্রুত সেরে উঠছেন নেইমার এবং সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই তাকে মাঠে দেখা যেতে পারে।
চোটের কারণে নেইমারকে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। তবে আনচেলত্তি জানিয়েছেন, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড নিয়মিত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এবং দ্রুত ফিটনেস ফিরে পাচ্ছেন।
শনিবার গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে আনচেলত্তি বলেন, “আমরা বিশ্বাস করি সে খুব দ্রুত মাঠে ফিরবে। উদ্বোধনী ম্যাচে খেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া যাবে।”
বর্তমানে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোস-এর হয়ে খেলছেন নেইমার। চোটের কারণে বিশ্বকাপের আগে ব্রাজিলের দুটি প্রস্তুতি ম্যাচে তিনি খেলতে পারবেন না। রোববার পানামার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর দলটি যুক্তরাষ্ট্রে ক্যাম্প করবে এবং মিশরের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলে বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন করবে।
কোচ আনচেলত্তির ঘোষিত ২৬ সদস্যের বিশ্বকাপ দলে নেইমারের অন্তর্ভুক্তি অনেককে অবাক করেছে। চোট ও ফর্মহীনতার কারণে দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। তবে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখনও তার দখলেই রয়েছে। জাতীয় দলের জার্সিতে ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন এই তারকা ফুটবলার।
আসন্ন বিশ্বকাপটি হবে নেইমারের ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ। ব্রাজিল সমর্থকদের আশা, পুরোপুরি সুস্থ হয়ে দলকে শিরোপার লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা