ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, কৃষিতে ক্ষতির আশঙ্কা

ডেস্ক রিপোর্ট ::টানা ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গত তিন দিনের বৃষ্টিপাতের সঙ্গে পিয়াইন ও সারী নদী দিয়ে নেমে আসা ঢলের পানিতে উপজেলার বিভিন্ন হাওর ও নিচু এলাকা তলিয়ে গেছে।
প্লাবিত এলাকাগুলোর মধ্যে রয়েছে ২নং পূর্ব জাফলং ইউনিয়নের আসামপাড়া হাওর, ১১নং মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ ও সাঙ্কিভাঙ্গা হাওর, ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের খাস হাওর ও কাকুনাখাই হাওর এবং ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের নাইন্দা, তীতকুল্লি ও বালির হাওর। এছাড়া উপজেলার অন্যান্য ইউনিয়নের বিভিন্ন নিচু এলাকাতেও পানি প্রবেশ করতে শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সারী ও পিয়াইন নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনো কোনো প্রধান পাকা সড়ক পানিতে তলিয়ে না গেলেও পানি বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে সারী-গোয়াইনঘাট সড়কের বিভিন্ন অংশ রাতের মধ্যে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি গ্রামীণ সড়ক পানির নিচে চলে গেছে।
এদিকে বন্যার পানিতে বোনা ও রোপা আউশ ধান এবং আমনের বীজতলা তলিয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া না গেলেও কৃষি খাতে উল্লেখযোগ্য ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে উপজেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সতর্ক রাখা হয়েছে। পাশাপাশি বন্যা আশ্রয়কেন্দ্র এবং পর্যাপ্ত নৌকা প্রস্তুত রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা