নিজামুল ইসলাম চৌধুরী :: নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের জালালপুর গ্রামের ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের অকুতোভয় সৈনিক,পুলিশের সাবেক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মতি আর নেই। মঙ্গলবার রাত ১টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার দুপুর ২টায় তাঁর নিজ গ্রাম জালালপুরে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম এবং নবীগঞ্জ থানার একদল চৌকস পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে জালালপুর গ্রামের স্থানীয় কবরস্থানে সমাহিত করা হয়।
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখা এই অকুতোভয় মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তাঁর আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply