নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা::হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামে ওরসের আসরে নাচতে নাচতে দুই যুবকের মৃ:ত্যুর ঘটনার দীর্ঘ প্রায় ২ বছর ৭ মাস পর মামলার তদন্তে ক’বর থেকে লা’শ উত্তোলন করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে আদালতের নির্দেশনা অনুযায়ী নবীগঞ্জ থানার পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে নিহত আব্দুল কালামের লাশ কবর থেকে উত্তোলন করা হয়। সকাল থেকেই কাকুড়া গ্রামের কবরস্থান এলাকায় উৎসুক জনতার উপস্থিতি ছিল লক্ষণীয়।
২০২৪ সালের ২৫ জানুয়ারি উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামের হযরত নবীন শাহ (রহ.) মাজারে ১৫৬তম বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়। ওরসকে কেন্দ্র করে মাজারের সামনে বসে নাচ-গানের আসর। বিভিন্ন স্থান থেকে আসা মানুষের ঢল নামে এই আসরে। নাচের তালে তালে একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন কাকুড়া গ্রামের মৃত গেদা মিয়ার ছেলে আব্দুল কালাম (৪৫) এবং একই ইউনিয়নের ঘোলডুবা গ্রামের আব্দুল আজিজ (৪২)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পরদিন (২৬ জানুয়ারি) দুপুরে ও বিকেলে পৃথক স্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় নিহত আব্দুল কালামের ভাই সুমন মিয়া বাদী হয়ে হবিগঞ্জ আদালতে হ’ত্যা মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ওরসের আসরে পানের সঙ্গে বিষ মিশিয়ে আব্দুল কালামকে হ’ত্যা করা হয়েছে। মামলায় কাকুড়া গ্রামের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলু মিয়াসহ কয়েকজনকে আসামি করা হয়।
আদালত মামলাটি তদন্তের দায়িত্ব হবিগঞ্জ পিবিআইকে দেন। পিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দেন আদালত। আদালতের সেই নির্দেশনা অনুযায়ী সোমবার সকালে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও নবীগঞ্জ থানার একদল পুলিশ কাকুড়া-করিমপুর গ্রামে যান। তাদের উপস্থিতিতে আব্দুল কালামের লাশ কবর থেকে উত্তোলন করা হয়।
সকাল থেকেই কবরস্থানের চারপাশে উৎসুক জনতার ভিড় জমে ওঠে; নিহতের স্বজন ও এলাকাবাসী নীরবে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ, বিষ প্রয়োগ নাকি অন্য কিছু, সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলার তদন্তের স্বার্থে আইনানুগ প্রক্রিয়ায় লাশ উত্তোলন সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্ত সুষ্ঠুভাবে শেষ করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply