ডেস্ক রিপোর্ট :: বার্ষিক পরীক্ষা ও শিক্ষার্থীদের অন্যান্য পরীক্ষার সূচি বিবেচনায় নিয়ে আগামী নভেম্বর-ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন না করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে আসন্ন স্থানীয় নির্বাচন, উপনির্বাচনসহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ইসি আনোয়ারুল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর ও ডিসেম্বরে নির্বাচন আয়োজন করা হচ্ছে না। পাবলিক পরীক্ষার সময়সূচি বিবেচনায় নিয়ে পরবর্তী সময়ে নির্বাচন আয়োজনের বিষয়ে কমিশন চিন্তা করছে। আশা করা হচ্ছে, জানুয়ারি থেকে নির্বাচন শুরু হতে পারে।
তিনি আরও বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হওয়া এবং বন্যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন এসেছে। এসব বিষয় বিবেচনায় নিতে হচ্ছে।
এ ছাড়া রমজান, ঈদ, পূজা, এসএসসি ও এইচএসসি পরীক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়সূচি মাথায় রেখেই স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
নির্বাচনের তারিখ পেছানোর বিষয়ে কোনো সরকারি চাপ ছিল কি না—এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, সরকারের কোনো চাপে নির্বাচন কমিশন তারিখ পরিবর্তন করেনি। বাস্তব পরিস্থিতি, আইন ও সংবিধানের বিষয়গুলো বিবেচনা করেই কমিশন নির্বাচন আয়োজনের সময় নির্ধারণ করছে।
Leave a Reply