ধানের শীষের প্রচারণা শেষে সড়কে ঝরল রাবেয়ার প্রাণ

ডেস্ক রিপোর্ট ::ধানের শীষ প্রতীকের ওয়ার্ড পর্যায়ের নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইয়ারকুব বানু রাবেয়া (৮০)। দ্রুতগতির একটি মোটরসাইকেলের চাপায় ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি।

রোববার বিকেলে মৌলভীবাজার উত্তর এলাকার ছোট বহুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া মৃত হাসানের স্ত্রী এবং তিনি নিয়মিত ধানের শীষ প্রতীকের পক্ষে ওয়ার্ড পর্যায়ে প্রচারণা চালাতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারণা শেষে বাড়ি ফেরার সময় একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, এক শ্রেণির কিশোর ও উঠতি বয়সী যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের কার্যকর নজরদারি না থাকায় এসব দুর্ঘটনা বাড়ছে বলেও তারা দাবি করেন।
এদিকে ঘটনার পর মোটরসাইকেল চালক পালিয়ে গেলেও হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ হোসেন জানান, এসআই মাসুক লালের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে কালনী গ্রামের আজগর আলীর পুত্র অনিক মিয়া (২০) কে আটক করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা